ভারত ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রস্তুত। তাই কোন স্টেডিয়ামে কি ম্যাচ হবে তা নিয়েও বেশ ব্যস্ত বিসিসিআই। কার্যত ঠিক হয়ে গেল এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, মুল্লানপুর ফাইনাল আয়োজন করবে। যা ভারতের মহিলা ক্রিকেটে এক নতুন অধ্যায় সূচিত করবে।
বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৬ অক্টোবর। ভিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, রায়পুর ও ইন্দোরও ম্যাচ আয়োজন করবে। এর মধ্যে শুধুমাত্র ভিশাখাপত্তনম পূর্বে আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে, বাকিদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা হবে। ইন্দোর অবশ্য আগেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছিল, তবে তা পুরনো নেহরু স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি দল নির্ধারিত হবে ৯ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে শুরু হতে যাওয়া বাছাইপর্বের মাধ্যমে। তবে পাকিস্তান বিশ্বকাপে কোয়ালিফাই করলে, তাদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে, কারণ বিসিসিআই ও পিসিবির মধ্যে পারস্পরিক চুক্তি অনুযায়ী ভারতে তারা খেলবে না।
ভারত এর আগে ২০০৫ ও ২০১৭ সালে রানার্স-আপ হয়েছিল, কিন্তু এখনো শিরোপা জয় করতে পারেনি। ২০১৩ সালে বিশ্বকাপ আয়োজন করলেও দল গ্রুপ পর্বেই বিদায় নেয়। এবার মিতালী রাজ ও ঝুলন গোস্বামীর অবসরের পর নতুন প্রজন্মের সামনে ইতিহাস গড়ার সুযোগ। আট দলের এই প্রতিযোগিতায় ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ভারত তাদের প্রথম শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়বে।







