বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশ উৎকণ্ঠায়। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর দ্রুত চিকিৎসা শুরু হয়। সোমবার এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হলেও চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী জানিয়েছেন, তামিমের হার্টের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও অনিয়মিত হৃদস্পন্দনের আশঙ্কা রয়েছে। যদিও ঝুঁকি ১ শতাংশেরও কম, তবে এমন কিছু হলে তা ভয়াবহ হতে পারে। তাই তাঁকে কঠোর বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছিলেন তামিম, তখনই অসুস্থতা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনজিওপ্লাস্টি করা হয়। চিকিৎসকরা বলছেন, তিন মাসের পূর্ণ বিশ্রামের পরই তিনি মাঠে ফিরতে পারবেন। আপাতত তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মানসিক চাপ এড়িয়ে চলতে বলা হয়েছে।
তামিম নিজেও হাসপাতাল থেকে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “সবার দোয়ায় এবং উপরয়ালার অশেষ কৃপায় আমি সুস্থ হয়ে ফিরেছি। দয়া করে সবাই একে অপরের পাশে থাকুন। আপনাদের ছাড়া আমি কিছুই নই।”
বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ তামিম ইকবালের সুস্থতা কামনায় ভক্ত-সমর্থকরা প্রার্থনা করছেন। চিকিৎসকদের মতে, ঝুঁকিমুক্ত হতে পারলে শিগগিরই তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হবে।







