বিনোদন

সাংবাদিকতা-ভিত্তিক থ্রিলারে জুটি বাঁধছেন জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অক্টোবরেই শুরু শুটিং

আবারও বড়োপর্দায় ফিরছে জনপ্রিয় জুটি জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছোটোপর্দার চেনা মুখ জিতু এবং টলিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী এবার একসঙ্গে দেখা দেবেন নতুন এক ছবিতে। জানা গিয়েছে, সাংবাদিক এবং সাংবাদিকতাকে ঘিরে আবর্তিত হবে এই থ্রিলার সিনেমার কাহিনি। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন দুজনেই। পরিচালনায় থাকছেন সাই প্রকাশ এবং প্রযোজনায় সাই বিঘ্নেশ প্রোডাকশন। আগামী অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের দিন মুক্তি পেয়েছিল তাঁদের প্রথম ছবি ‘বাবুসোনা’। রোমান্টিক কমেডি ঘরানার সেই ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। দর্শকদের মন জয় করতে ব্যর্থ হলেও টলিপাড়ায় আলোচনায় এসেছিল তাঁদের অফস্ক্রিন রসায়ন। গুঞ্জন উঠেছিল, ছবির বাইরে নাকি একে অপরের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে তাঁদের। তবে জিতু এবং শ্রাবন্তী দুজনেই সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বন্ধুত্বপূর্ণ সমীকরণের কথাই বারবার জানিয়েছেন। এদিকে, বর্তমানে জিতু কমল অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন যথেষ্ট জনপ্রিয় হলেও কয়েকদিন আগে তাঁদের ব্যক্তিগত মনোমালিন্য প্রকাশ্যে চলে আসে। দিতিপ্রিয়ার অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন জিতুও। ফলে টেলিপাড়ায় তৈরি হয়েছিল বিতর্ক। তবে প্রযোজনা সংস্থার উদ্যোগে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া। সেই সঙ্গে সহ-অভিনেতার সঙ্গে পেশাদারিত্ব বজায় রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।

অন্যদিকে, শ্রাবন্তী এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে, যা মুক্তি পাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। পরিচালক শুভ্রজিৎ মিত্রের কথায়, এই চরিত্রের জন্য নিজেকে একেবারে নতুনভাবে গড়ে তুলেছেন শ্রাবন্তী। বাণিজ্যিক ছবি থেকে বিষয়ভিত্তিক ছবির জগৎ, সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। তবে ‘দেবী চৌধুরানী’-তে নায়িকাকে দর্শক নতুন এক রূপে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন পরিচালক। সব মিলিয়ে, বড়োপর্দায় জিতু-শ্রাবন্তীর নতুন রসায়ন এবং সাংবাদিকতা-ভিত্তিক এই থ্রিলার ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তাঁদের প্রথম ছবির ব্যর্থতার পর এই নতুন উদ্যোগ আদৌ দর্শকের মনে দাগ কাটতে পারে কি না, এখন তাকিয়ে রয়েছে টলিপাড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.