দেশ

২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

টানা তিন দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা, মূল দাবি পাঁচ দিনের কর্মসপ্তাহ

আগামী ২৭ জানুয়ারি, সোমবার দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির ডাকে জাতীয় স্তরে ধর্মঘটের (Bank Strike) ঘোষণা করা হয়েছে। মূলত পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করার দাবিতে এই আন্দোলন।

ধর্মঘট কার্যকর হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ তার আগেই ২৫ ও ২৬ জানুয়ারি (শনিবার ও রবিবার) ছুটি। ফলে টানা তিন দিন সরকারি ব্যাঙ্কের শাখা পরিষেবা বন্ধ বা আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির শীর্ষ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU) জানিয়েছে, ২০২৪ সালের মার্চে মজুরি সংশোধন চুক্তির সময় ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে সব শনিবার ছুটি রাখার বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা।

ধর্মঘটের নোটিসের পর চিফ লেবার কমিশনারের উদ্যোগে মীমাংসা বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে দাবি ইউনিয়নগুলির। শনিবার সন্ধ্যা পর্যন্ত UFBU জানিয়েছে, তারা ধর্মঘটের সিদ্ধান্তেই অনড়।

কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি প্রভাব?
ধর্মঘটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সরকারি ব্যাঙ্কগুলিতে—
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI),
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB),
ব্যাঙ্ক অফ বরোদা,
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

বর্তমানে ব্যাঙ্ক কর্মীরা প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান। ফলে অধিকাংশ সপ্তাহেই ছয় দিন কাজ করতে হয়। ইউনিয়নগুলির দাবি, পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু হলেও পরিষেবায় ক্ষতি হবে না, কারণ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি হয়েছেন কর্মীরা।

ইউনিয়নগুলির যুক্তি, রিজার্ভ ব্যাঙ্ক (RBI), এলআইসি (LIC), স্টক এক্সচেঞ্জ ও বহু সরকারি দফতরে ইতিমধ্যেই পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু রয়েছে। সেখানে ব্যাঙ্কগুলিতে এখনও ছয় দিনের কাজ চালু থাকার কোনও যৌক্তিক কারণ নেই।

গ্রাহকদের জন্য বার্তা
বেশিরভাগ সরকারি ব্যাঙ্ক আগাম সতর্ক করেছে—ধর্মঘট হলে

শাখা পরিষেবা

চেক ক্লিয়ারেন্স

কাউন্টার সংক্রান্ত কাজ
ব্যাহত হতে পারে।

তবে HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank-এর মতো বড় বেসরকারি ব্যাঙ্কগুলিতে সাধারণত এই ধর্মঘটের প্রভাব পড়ে না।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ আগেভাগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.