ভারতের ডিজিটাল লেনদেনের বেশিরভাগ অংশই এখন ইউপিআই নির্ভর। এই ক্ষেত্রটি এতদিন ধরে কার্যত শাসন করছে ফোনপে, গুগল পে এবং পেটিএম। কিন্তু এবার এই প্রতিযোগিতার ময়দানে নামতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। খুব শিগগিরই তারা আনতে চলেছে নিজেদের নতুন ইউপিআই সার্ভিস— ‘বিএসএনএল পে’।
সম্প্রতি একটি অনলাইন ব্যানারে উঠে এসেছে এই খবর। জানা গিয়েছে, ভীম (BHIM) অ্যাপ দ্বারা চালিত হবে বিএসএনএল পে। গ্রাহকেরা এর মাধ্যমে ঠিক অন্যান্য জনপ্রিয় অ্যাপের মতোই ইউপিআই ট্রান্সফার, বিল পেমেন্ট থেকে শুরু করে শপিং বা খাবারের দাম দেওয়া—সব কিছু করতে পারবেন।
কবে লঞ্চ হবে?
যদিও আনুষ্ঠানিক লঞ্চ তারিখ এখনও ঘোষণা করেনি সংস্থা, তবে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে যে ২০২৫ সালের দিওয়ালির আগেই বাজারে আসতে পারে নতুন এই পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হল, বিএসএনএল পে-এর জন্য আলাদা অ্যাপ তৈরি করা হচ্ছে না। বরং, বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মধ্যেই যুক্ত হবে এই ফিচার। ফলে বর্তমান গ্রাহকদের নতুন অ্যাপ নামাতে হবে না।
কী কী সুবিধা মিলবে?
বিএসএনএল পে চালু হলে ব্যবহারকারীরা ফোনপে, গুগল পে, পেটিএম-এর মতোই সমস্ত ফিচার পাবেন—
মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট
বিদ্যুৎ, জল, গ্যাস বিল দেওয়া
অনলাইন শপিং ও রেস্তোরাঁর বিল পরিশোধ
সরাসরি ইউপিআই মানি ট্রান্সফার
যেহেতু এই সার্ভিস সরাসরি বিএসএনএল টেলিকম পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে, তাই ব্যবহারকারীদের জন্য লেনদেন আরও সহজ এবং এক প্ল্যাটফর্মে সারা হবে।
কেন গুরুত্বপূর্ণ?
ভারতে ইউপিআই ব্যবহারের হার ক্রমেই আকাশছোঁয়া। প্রায় প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারী অন্তত একটি করে ইউপিআই অ্যাপ ব্যবহার করেন। এই পরিস্থিতিতে বিএসএনএল গ্রাহকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য একটি বিকল্প দিতে চাইছে। একদিকে যেখানে ফোনপে ও গুগল পে বাজার দখল করে আছে, অন্যদিকে পেটিএম নিয়মকানুনে বিপাকে পড়েছে। এমন সময়ে ‘বিএসএনএল পে’ একটি সরকারি ভরসাযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে জায়গা করে নিতে পারে।
যদি এই উদ্যোগ সফল হয়, তবে কোটি কোটি বিএসএনএল ব্যবহারকারীর কাছে এটি হবে বড় সুবিধা, আর ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।







