বিজেপির ঠোঁটকাটা নেতা দিলীপ ঘোষকে কার্যত বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দল। সূত্রের খবর, দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বসে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার। ঠিক হয়েছে, দিলীপ ঘোষকে কোনও রাজ্য বা কেন্দ্রীয় দলের বৈঠকে আপাতত ডাকা হবে না। এমনকি ৬ তারিখের রাজ্য বৈঠকেও তিনি অনুপস্থিত থাকবেন।
দলীয় সূত্রের দাবি, রাজ্য নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—দিলীপ ঘোষকে কোনও কর্মসূচিতেও যেন ডাকা না হয়। তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। আরএসএসও এই সিদ্ধান্তে সহমত, জানিয়েছেন বাংলার প্রান্ত প্রচারক জলধর মাহাতো।
দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় ও ছবি নিয়ে ক্ষোভ বাড়ে দলে। এরপর দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ—‘মমতার আঁচলের তলায় রাজনীতি’, ‘কারও গার্লফ্রেন্ড বহু’ ইত্যাদি—পরিস্থিতি আরও ঘোলা করেছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, বাংলায় ১৮টি লোকসভা ও ৭৭টি বিধানসভা আসন জয়ের কৃতিত্ব তাঁর আমলের।
এই অবস্থায় দল ও সঙ্ঘ দিলীপ ঘোষ থেকে দূরত্ব রাখার সিদ্ধান্তে অনড়। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি এখানেই থামবে না, সামনে আরও রাজনৈতিক সংঘাতের আশঙ্কা রয়েছে।







