পূর্ব বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ। রবিবার হঠাৎই হাসপাতাল পরিদর্শনে গিয়ে সমস্যার সরেজমিনে চিত্র দেখলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মূল অভিযোগ—প্রচুর রোগী থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নার্সের পদ শূন্য। এর জেরে একেকজন নার্সকে শতাধিক রোগীর দায়িত্ব নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দূরদূরান্ত থেকে শতাধিক রোগী চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু রোগীর চাপ বাড়লেও নার্স নিয়োগের ক্ষেত্রে কার্যত স্থবিরতা। কর্মরত নার্সদের অভিযোগ—“বেড বেড়েছে, রোগীর চাপ বেড়েছে, কিন্তু নার্স নেই। একজনকে একসঙ্গে ১০৭ জন রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে। এভাবে পরিষেবা দেওয়া অসম্ভব।”
রোগীদের পরিজনরাও বিধায়কের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, নার্সের ঘাটতির কারণে চিকিৎসা পরিষেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়ক আশ্বাস দিয়েছেন, বিষয়টি তিনি দ্রুত স্বাস্থ্য দফতরের কাছে তুলে ধরবেন।
অন্যদিকে, বিরোধী দল বিজেপির জেলা নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, “শিক্ষার মতোই স্বাস্থ্য দপ্তরের হাল বেহাল। মেমারির ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।” শাসক তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে। দলের নেতা দেবু টুডু বলেন, “নার্সের সংখ্যা কম হতে পারে, কিন্তু একেবারে নেই এটা সত্য নয়। পূর্ব বর্ধমানের অন্য কোথাও এমন সমস্যা নেই।”
মেমারির এই হাসপাতাল-সংকটকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে।







