জেলা

টুলু মণ্ডল বিতর্কের আবহেই নলহাটিতে গুলিবৃষ্টি! পাথর খাদান-সংযুক্ত ৩ ব্যবসায়ীকে লক্ষ্য করে ১১ রাউন্ড ফায়ার, বাড়ছে রহস্য

বীরভূমের তথাকথিত ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলকে ঘিরে রাজ্যজুড়ে যখন তুমুল চর্চা, ঠিক সেই সময়েই নলহাটিতে পাথর খাদানের সঙ্গে যুক্ত তিন ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে নলহাটি থানার উদয়নগর গ্রামে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন বিস্ফোরক সরবরাহকারী ব্যবসায়ী শাহে আলম শেখ এবং তাঁর দুই সহযোগী রেজ্জাক শেখ ওরফে জনি শেখ ও হাবিবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ি ফেরার সময় আচমকাই কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। টানা গুলিবর্ষণে তিনজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসতেই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আহতদের প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শাহে আলম শেখ ও জনি শেখকে দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাবিবুল হোসেন এখনও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, হামলাকারীরা অন্তত ১১ রাউন্ড গুলি চালায়। জনি শেখের শরীরে চারটি গুলি লাগে। শাহে আলম শেখের কোমরের নিচে এবং হাবিবুল হোসেনের ঘাড়ের কাছে গুলি বিদ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তদন্তে উঠে এসেছে, শাহে আলম শেখ সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিস্ফোরক ব্যবসায়ী। মহম্মদবাজার, রাজগ্রাম ও নলহাটি এলাকার বিভিন্ন পাথর খাদানে বিস্ফোরক সরবরাহ করতেন তিনি। ফলে এই হামলার নেপথ্যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও বড় চক্র সক্রিয়—তা খতিয়ে দেখছে পুলিশ।

একই সঙ্গে টুলু মণ্ডলকে ঘিরে চলা সাম্প্রতিক বিতর্কের আবহে এই হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় টুলু মণ্ডলের প্রত্যক্ষ যোগের কোনও প্রমাণ মেলেনি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তল্লাশি শুরু করেছে নলহাটি থানার পুলিশ এবং গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.