আফগানিস্তানে আবারও ভয়ঙ্কর ভূমিকম্প। ভারতীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটে প্রবল কম্পনে কেঁপে ওঠে দেশটি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল হিন্দুকুশ পর্বতশ্রেণি, মাটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার গভীরে। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা ছাড়াও জম্মু-কাশ্মীর ও দিল্লি-এনসিআর পর্যন্ত কাঁপন অনুভূত হয়।
National Centre for Seismology (NCS)-এর তথ্যমতে, কম্পনের অবস্থান ছিল ৩৪.৫০° উত্তর অক্ষাংশ এবং ৭০.৮১° পূর্ব দ্রাঘিমাংশে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল, কারণ দেশটি ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত। গত বছর এপ্রিলেও এখানে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, আর ২০২২ সালে ভয়াবহ ৫.৯ মাত্রার ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ।
এবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। পাহাড়ি এলাকায় অধিকাংশ ঘরবাড়ি কাঠ, মাটির ইট কিংবা দুর্বল কংক্রিটে নির্মিত হওয়ায় ভেঙে পড়ার ঝুঁকি অনেক বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) সতর্ক করেছে, কয়েকশো মানুষের প্রাণহানি ঘটতে পারে। ইতিমধ্যেই অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
তালিবান প্রশাসন দুর্গম গ্রাম ও পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছনো কঠিন হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে হেলিকপ্টার ও জরুরি সাহায্যের আবেদন জানানো হয়েছে। স্থানীয় মানুষ এখন আতঙ্কে দিন গুনছে—২০২২ সালের ভয়াবহ বিপর্যয়ের থেকেও কি এ বার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে?







