বাংলাদেশের রাজনীতিতে আজ শুরু হল এক নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে শপথ নেন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরাও।
তবে শপথ গ্রহণের আগেই রাজনৈতিক মহলে তৈরি হয় তীব্র বিতর্ক। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না—এ কথা স্পষ্ট জানিয়ে দেয় বিএনপি। দলীয় সূত্রে জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁদের নির্বাচিত করা হয়নি; জাতীয় সংসদে সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি গৃহীত হলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। এরপর জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। কিন্তু শপথের পরই বিএনপি জানিয়ে দেয়, তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবেই দায়িত্ব গ্রহণ করেছে—সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপাতত কোনও অঙ্গীকার নয়।
বিএনপির এই অবস্থানে সরব হয়ে ওঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের স্পষ্ট বার্তা দেন—বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সদস্যরাও কোনও শপথ গ্রহণ করবেন না। তাঁদের বক্তব্য, “সংস্কারবিহীন সংসদ অর্থহীন।”
এই ইস্যুতে সমমনোভাব জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারাও জানায়, বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করেই তারা চূড়ান্ত পদক্ষেপ নেবে।
তবে দিনের শেষভাগে পরিস্থিতি বদলায়। টালবাহানার পর শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। যদিও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন থেকে যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সূচনালগ্নেই এই মতপার্থক্য ভবিষ্যতে বৃহত্তর সাংবিধানিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আরও বড় রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হল শপথের মধ্য দিয়ে—কিন্তু সেই সূচনাতেই স্পষ্ট, আগামী দিনগুলোতে রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে।







