ডুরান্ড কাপে ডার্বিতে জোড়া গোল করে রাতারাতি ইস্টবেঙ্গল সমর্থকদের নায়ক হয়ে উঠেছিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কিন্তু সেই গ্রিক স্ট্রাইকারের পথচলা লাল-হলুদ শিবিরে আর দীর্ঘ হল না। ক্লাবের সঙ্গে মৌখিক বিচ্ছেদের কথা সোমবার জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ফলে আর দেখা যাবে না তাঁকে লাল-হলুদের জার্সিতে। বিদায়ী বার্তায় ক্লাব তাঁর আগামী সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
দিয়ামানতাকোসকে গত মরসুমে অনেক আশায় দলে টেনেছিল ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর তাঁকে বিশেষ ভরসা করেছিলেন তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে কলকাতার মাটিতে সেই ধারাবাহিকতা একেবারেই ধরে রাখতে পারেননি গ্রিক ফরোয়ার্ড। ৩২ ম্যাচে তাঁর ঝুলিতে মাত্র ১২ গোল ও চারটি অ্যাসিস্ট। বিশেষ করে নতুন কোচ অস্কার ব্রুজ়োর কৌশলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারায় একাধিকবার একাদশের বাইরে থাকতে হয়েছে তাঁকে।
তবুও ভাগ্যের খেলা যেন হয়েছিল ডুরান্ডের ডার্বিতে। প্রথম একাদশে না থেকেও চোট পাওয়া হামিদ আহদাদের পরিবর্ত হিসেবে মাঠে নেমে এক পেনাল্টি ও এক দুরন্ত বাঁ-পায়ের শটে ম্যাচ জেতান দিয়ামানতাকোস। সমর্থকরা ভেবেছিলেন এটাই হয়তো তাঁর প্রত্যাবর্তনের শুরু। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। ডুরান্ডের পরবর্তী ম্যাচেই ডায়মন্ড হারবারের কাছে হেরে ছিটকে যায় ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে, সদ্য বাবা হওয়ার পর নিজের পরিবারকে সময় দিতেই গ্রিসে ফিরে যেতে চান দিয়ামানতাকোস। ফলে ইস্টবেঙ্গলও ক্ষতিপূরণের বোঝা এড়াতে মৌখিক বিচ্ছেদের পথ বেছে নিয়েছে। লাল-হলুদ সমর্থকদের কাছে তিনি হয়তো স্মরণীয় হয়ে থাকবেন ডার্বির নায়ক হিসেবেই। তবে কলকাতা ফুটবলে তাঁর অধ্যায়টা থেমে গেল আকস্মিকভাবেই।







