দেশ

খোলা নর্দমার গর্তে পড়ে মৃত্যু যুবকের, জনকপুরীতে নির্মাণে গাফিলতির অভিযোগ

নয়াদিল্লি: দিল্লির জনকপুরী এলাকায় খোলা নর্দমার গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ২৫ বছরের বাইক আরোহী কমল ধ্যানির। শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে থাকা অবস্থায় প্রায় ৮ ঘণ্টা পর ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে থাকা সত্ত্বেও কেউ উদ্ধারকাজে এগিয়ে আসেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনকপুরীতে দিল্লি জল বোর্ডের (DJB) নর্দমা পাইপলাইন সংস্কারের জন্য খোঁড়া গর্তটি দীর্ঘদিন ধরেই খোলা ছিল। কোনও বেড়া বা সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় রাতের অন্ধকারে সেটি নজরে পড়েনি। পুলিশের প্রাথমিক অনুমান, বাইক চালাতে চালাতেই গর্তে পড়ে যান কমল। উদ্ধারকালে তাঁর মাথায় হেলমেট ছিল এবং কাদায় মাখা অবস্থায় পাশে পড়ে ছিল মোটরবাইকটি।

নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ৫০ নাগাদ কমল তাঁর যমজ ভাই করণ ধ্যানিকে ফোন করে জানান, ১৫ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছবেন। মাকে রুটি বানাতে বলেছিলেন তিনি। পরিবারের সদস্যরা মধ্যরাতে তাঁর জন্মদিন উপলক্ষে কেক কাটার অপেক্ষায় ছিলেন। কিন্তু আধ ঘণ্টা পেরিয়ে গেলেও কমল বাড়ি ফেরেননি। ফোনও বন্ধ হয়ে যায়। উদ্বিগ্ন পরিবার রাতেই খোঁজ শুরু করে।

পরিবারের দাবি, বিভিন্ন থানায় গিয়েও তারা তাৎক্ষণিক সাহায্য পায়নি। ২৪ ঘণ্টা না হলে নিখোঁজ ডায়েরি নেওয়া হবে না বলে জানানো হয়। পরে মোবাইল লোকেশন এবং বাইকের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে জনকপুরী থানায় এসে দুর্ঘটনার কথা জানা যায়। ভোরের দিকে পুলিশের ফোনেই পরিবারের কাছে আসে মৃত্যুসংবাদ।

পরিবার আরও অভিযোগ করেছে, রাতে গর্তের কাছে থাকা শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, কেউ পড়ে যায়নি। সেই বিষয়টিও তদন্তের আওতায় রেখেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদার এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায় চার মাস ধরে গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল। আশপাশে নির্মাণ সামগ্রী ছড়িয়ে থাকায় পথচারী ও স্কুলপড়ুয়াদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হত। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার পরেই গর্তটি বেড়া দিয়ে ঘিরে সতর্কতা চিহ্ন বসানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে চলমান নির্মাণকাজে নিরাপত্তা ও নজরদারির অভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.