নিজস্ব সংবাদদাতা: বর্তমানে যাদবপুর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে ক্রমশ্য ঘনীভূত হচ্ছে রহস্য। এই ঘটনায় সর্বপ্রথম গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে।এরপর আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এসবের মধ্যে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিলিটেড ছবি থেকে উঠে এল হাড়হিম করা তথ্য। পুলিশ সূত্রে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয় মেইন হস্টেলের বারান্দায় ফুলের টবের মধ্যে চলত গাঁজা চাষ। জানা গিয়েছে ছাত্র মৃত্যুর ঘটনার পরই সেই সমস্ত কিছু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে লালবাজার সূত্রে খবর তাদের হাতে এই চাষের প্রমাণ এসেছে। কয়েকজন ছাত্রের ফোন ঘেঁটে ডিলিটেড হওয়া ছবি উদ্ধার করে এই গাঁজা চাষের বিষয়টি জানতে পারে তারা।আর সেই সঙ্গে খোঁজ মিলেছে এক হোয়াটস্যাপ গ্রূপেরও। যা নিয়েও ক্রমেই রহস্য ঘনাচ্ছে। পুলিশ সূত্রে খবর ওই গ্রুপটির নাম ছিল JuMH অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি মেন হোস্টেল। তবে বর্তমানে সেই গ্রূপের কোনও অস্তিত্বই নেই।কবে কেন সেই গ্রুপ তৈরি করা হয়েছিল? কি কারণেই বা কবে ডিলিট করা হল,সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। তবে তদন্তকারীদের অনুমান, অপরাধীদের অপরাধ আড়াল করতেই এই JuMH হোয়াটস্যাপ গ্রুপকে ‘ব্যবহার’ করা হয়েছিল। পুলিশের ধারণা খুব সম্ভবত ঘটনা ধামা চাপা দেয়ার জন্যই ওই গ্রুপে চলেছিল কথোপকথন।
অন্যদিকে প্রথম বর্ষের ছাত্রটি হস্টেলের তিন তলা থেকে পড়ে যাওয়ার পরে যাদবপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তনী সৌরভ চৌধুরী সম্পর্কে নিজেদের মধ্যে থাকা হোয়াটস অ্যাপ গ্রুপে নির্দিষ্ট কিছু কথা বলার জন্য ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে। এইসব তথ্যের ওপর ভিত্তি করেই আপাতত চলছে তদন্ত।







