জেলা

৩৫ লক্ষে ঘোরার আনন্দ, শেষে সাসপেন্ড -এর যন্ত্রণা! বারুইপুরের প্রধান শিক্ষক চর্চায়

প্রায় পাঁচ বছর ধরে স্কুলে অডিট হয়নি। এর মধ্যেই বিদেশ সফর থেকে শুরু করে নানা খাতে অর্থের অপচয়—এমনই একাধিক অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর আব্দাস সকুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার স্কুল শিক্ষা দফতরের ডিসিপ্লিনারি কমিটি তাঁকে সাসপেন্ড করেছে।

স্কুল পরিচালন কমিটির অনুমতি ছাড়াই তিনি বিদেশ ভ্রমণ করেন এবং স্কুল ফান্ড থেকে ইচ্ছেমতো খরচ চালান বলে অভিযোগ। গত কয়েক বছরে স্কুলের বিল্ডিং রং করা, টেবিল-চেয়ার তৈরি থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজের নাম করে লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখানো হলেও, অধিকাংশ কাজই হয়নি বলে জানাচ্ছেন সহকর্মীরা।

স্কুলের সভাপতি শুভাশীষ সাহু বলেন, “অঞ্জনবাবুর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিভিন্ন ফান্ড থেকে ধাপে ধাপে অন্তত ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা উধাও করেছেন। এমনকি প্রশ্নপত্র ছাপানোর বিল থেকেও টাকা লোপাট করেছেন।”

সহকারী শিক্ষক কুমারেশ মণ্ডলের দাবি, “স্কুল ডেভেলপমেন্ট ফান্ড ও অন্যান্য বরাদ্দের টাকা নানা অজুহাতে খরচ দেখানো হয়েছে। হিসেব চাইলে কোনওদিন দেওয়া হয়নি। ডিআই অফিসারদের কাছেও কাগজপত্র দেখাতে পারেননি।”

অন্য এক শিক্ষক উমা প্রসাদ মণ্ডল বলেন, “প্রধান শিক্ষক আমাদের অন্ধকারে রেখে ফান্ড খরচ করতেন। আমরা প্রশ্ন তুলতেই উনি বলতেন—এই হিসেব চাওয়ার অধিকার আমাদের নেই। পরে আমরা সভাপতির কাছে চিঠি দিই, আরটিআই করি, এমনকি ডিএম ও কমিশনার অফ এডুকেশনকেও লিখি। তখনই কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়।”

অভিযোগ, লকডাউনের সময় থেকেই নয়ছয় শুরু হয়। যেমন ১০ টাকার কাজের জন্য ১০০ টাকার বিল দেখানো হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাসপেন্ডেড প্রধান শিক্ষক অঞ্জন দাস ফোনে সাড়া দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.