হুগলির পোলবায় ভুয়ো পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগে দুই জনকে পাকড়াও করল পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সুগন্ধার এক কারখানা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা (২৮), বাড়ি বলাগড়ের কুন্তীঘাটে এবং প্রতাপ ঘোষ (৩৬), বাড়ি মগড়ার তালান্ডু মালিপাড়ায়।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, কার্তুজের ব্যাগ ও দুটি মোবাইল ফোন। পোলবা থানার ডিএসপি (ডিএন্ডটি) প্রিয়ব্রত বক্সী জানান, ভুয়ো পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে।
অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা চালাত। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে একাধিক বার তারা ওই কারখানায় ঢুকে কর্মীদের ভয় দেখায় এবং ৫০ লক্ষ টাকা দাবি করে।
কারখানার মালিক তপন মজুমদার জানান, অভিযুক্তরা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে ছবি দেখিয়ে নিজেদের তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে। হুমকি দেয়, টাকা না দিলে ব্যবসা চালানো যাবে না। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







