বাংলা চলচ্চিত্রে রহস্য-থ্রিলারের আবহে নতুন চমক নিয়ে আসছে ‘রিটার্ন গিফ্ট’। এস রাম প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি এই ছবিটি আগামী ৩ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই টিজার ও গান মুক্তির পর দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে ছবিটি ঘিরে।
মধ্যবিত্ত পরিবারের আবেগ, সম্পর্ক ও অপ্রত্যাশিত এক ঘটনার জেরে ভেঙে পড়া স্বাভাবিক জীবনের গল্প নিয়েই এগোয় ছবির চিত্রনাট্য। সুখী দম্পতি ও তাঁদের একমাত্র মেয়েকে ঘিরে শুরু হলেও, হঠাৎ এক দুর্ঘটনা বদলে দেয় সবকিছু। দুর্গাপুজোর প্রেক্ষাপটে পাঁচ দিনের সময়সীমার মধ্যে ধাপে ধাপে উন্মোচিত হয় একাধিক গোপন সত্য, যা গল্পকে নিয়ে যায় রহস্যের গভীরে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন যুধাজিৎ সরকার, শ্রীতমা দে, শুভাশিস এবং সহজিয়া। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজত মালাকার ও অরিজিৎ লাহিড়ীকে। শ্রীতমার স্বামীর চরিত্রে শুভাশিস ও তাঁদের মেয়ের ভূমিকায় সহজিয়ার অভিনয় গল্পের আবেগকে আরও ঘনীভূত করেছে।
এই ছবির বিশেষ আকর্ষণ হল এর ভাবনা। নবাগত স্রষ্টা শুভ-র গল্প থেকে নির্মিত ‘রিটার্ন গিফ্ট’ কেবল রহস্য নয়, বরং সমাজে নারীর অবস্থান, আত্মমর্যাদা এবং ন্যায়বিচারের ধীর প্রতিষ্ঠার কথাও তুলে ধরে। ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ এই চিরন্তন দর্শনই ছবির অন্তর্নিহিত শক্তি। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ঘ চক্রবর্তী। একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রাণা দলুই, যা ইতিমধ্যেই ডিজিটাল মাধ্যমে সাড়া ফেলেছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের মার্চে ‘নেমেসিস’ নামে শুরু হওয়া এই ছবির নাম পরবর্তীতে বদলে রাখা হয় ‘রিটার্ন গিফ্ট’। সব মিলিয়ে, আবেগ, রহস্য ও সামাজিক বার্তার মিশেলে ‘রিটার্ন গিফ্ট’ বাংলা ছবিপ্রেমীদের জন্য হতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা।







