বিনোদন

অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’ নিয়ে নতুন বিতর্ক

ট্রোলিং ও বিতর্ক উড়িয়ে ফের মঞ্চে ফিরছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’। আগামী ১৯ সেপ্টেম্বর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজন করতে চলেছে বিশেষ অনুষ্ঠান। সেখানেই আবারও দেখা যাবে ‘হুলিগানইজম’কে। এর মধ্যেই শোনা যাচ্ছে, পুজোয় তাঁরা মার্কিন মুলুকেও পারফর্ম করবেন। ইতিমধ্যেই ‘মেলার গান’ ও ঘোষ ত্রয়ীকে নিয়ে তৈরি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গান ভাইরাল হয়ে উঠেছে।

এই গান নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে প্রশংসা জানালেও, সিপিএমের শতরূপ ঘোষপন্থীরা রীতিমতো ক্ষুব্ধ। অন্যদিকে বিজেপি নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষ অনির্বাণের মন্তব্যকে অসচেতন ও অপমানজনক আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর অভিযোগ, সনাতন ধর্মকে অবমাননা করা হয়েছে। তবে সমালোচকদের মতে, দিলীপ ঘোষকে নিয়ে গান হওয়ায় ঘোষ পদবিধারী অন্য নেতারাও নিজেদের বঞ্চিত ভাবছেন।

এর আগে অনির্বাণ এক যৌনদৃশ্যের ভিডিও ফাঁস হওয়া নিয়েও চর্চার কেন্দ্রবিন্দু হয়েছিলেন। সে সময়ও রাজনৈতিক মহল তাঁর নাম জড়িয়ে নানা মন্তব্য করেছিল। এবার শতরূপ ঘোষকে নিয়ে মশকরা করায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে বাম মহলে। যদিও অনির্বাণ নিজে এসব নিয়ে প্রকাশ্যে বেশি কিছু বলেননি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক শত্রু বা বিরোধীদের আক্রমণ সত্ত্বেও হুলিগানইজম তাদের স্যাটায়ার চালিয়ে যাবে।

নেটপাড়ায় ব্যান্ডের জনপ্রিয়তা এখন তুঙ্গে। একদিকে প্রবল সমালোচনা অন্যদিকে বিপুল প্রশংসা, এই দুই মিশ্র প্রতিক্রিয়াই যেন ‘হুলিগানইজম’কে আরও আলোচনার কেন্দ্রে তুলে এনেছে। অনির্বাণের বক্তব্য, সমালোচনা আসলে ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া। ফলে ট্রোল বা বিতর্ক থামিয়ে রাখতে পারছে না ‘হুলিগানইজম’কে, বরং আরও বাড়িয়ে দিচ্ছে দর্শকের প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.