বিনোদন

আদালতের সবুজ সংকেত, মুক্তির পথে ‘জলি এলএলবি ৩’

প্রথম দিন থেকেই বিতর্কে ঘেরা বলিউডের জনপ্রিয় কোর্টরুম ড্রামা ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’-এর তৃতীয় পর্ব। অভিযোগ ছিল, সিনেমায় দেশের বিচারব্যবস্থা এবং আইনজীবী সমাজকে খাটো করে দেখানো হয়েছে। একাধিক শহরে মামলার জেরে দীর্ঘদিন ঝুলে ছিল মুক্তির প্রশ্ন। অবশেষে এলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিল, অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত এই ছবির মুক্তিতে আর কোনও বাধা নেই।

বিচারপতি সঙ্গীতা চন্দ্র এবং ব্রিজ রাজ সিং-এর ডিভিশন বেঞ্চ সিনেমার টিজার ও ট্রেলার পর্যালোচনা করে রায় দেয় যে, ছবির কোথাও আইন বা আইনজীবীদের অপমান করা হয়নি। এমনকি গানগুলির কথাও খুঁটিয়ে দেখার পর আদালতের পর্যবেক্ষণ, সেগুলিতে দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর কোনও উপাদান নেই। ফলে মামলাকারীদের যুক্তি গ্রহণযোগ্য নয়।

যদিও মামলাকারী জয় বর্ধন শুক্লা দাবি করেছিলেন, সিনেমার প্রচারে ব্যবহৃত কনটেন্ট আইনজীবী সমাজকে মানসিকভাবে আঘাত করেছে এবং নতুন প্রজন্মকে আইনপড়া থেকে বিরত রাখতে পারে। আদালত সেই যুক্তি খারিজ করে জানায়, শুধুমাত্র অনুমানভিত্তিক অভিযোগে মুক্তি রোখা যায় না। এর আগে আজমেঢ় এবং পুনেতেও ‘জলি এলএলবি ৩’-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এমনকি অক্ষয়-আরশাদের নামেও সমন জারি করা হয়েছিল। তবে সব বিতর্ক পেরিয়ে শেষমেশ ছবিটি মুক্তির ছাড়পত্র পেল।

সম্প্রতি প্রকাশিত টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে জলি মিশ্রর ভূমিকায় আর আরশাদ ওয়ারসিকে জলি ত্যাগী হিসেবে। বিচারকের আসনে আছেন সৌরভ শুক্লা, তাঁর চরিত্র ত্রিপাঠীজি। দুই আইনজীবীর মজাদার বাকযুদ্ধ ও অদ্ভুত সব কোর্টরুম ঘটনা দর্শকদের জন্য হাসির ডোজ তৈরি করেছে। এমনকি এক পর্যায়ে আদালতে ঢুকে পড়ে ছাগলও। সব মিলিয়ে এবারের গল্প যেন সত্যিই জলি ভার্সেস জলি। দর্শকদের জন্য এটি নিছক একটি সিনেমা নয়, বরং পুরোনো দুই জলির মুখোমুখি লড়াইয়ের অপেক্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.