বিনোদন

ট্রেলারে আগুন, সেন্সরের খড়গ ‘বাগি ৪’-এ

বলিউডে এ যেন নতুন বিতর্কের ঝড়। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত অভিনীত বাগি ৪। ট্রেলারেই যে হিংস্রতা, রক্তাক্ত প্রতিশোধ আর রগরগে সংলাপ দর্শকদের কাঁপিয়ে দিয়েছিল, এবার সেই কারণেই চরম চাপে পড়ে গেল সেন্সর বোর্ড। খবর মিলছে, মোট ২৩টি দৃশ্য সংশোধন বা ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে অশ্লীল গালিগালাজ, নগ্ন দৃশ্য, কন্ডোম ব্যবহারের প্রসঙ্গ, এমনকি ধর্মীয় প্রতীকে আঘাত করার মুহূর্তও। বিতর্ক এড়াতে ছবির একাধিক অংশকে ‘মিউট’ বা পুরোপুরি বাদ দিয়েছে সিবিএফসি।

সবচেয়ে আলোচিত হয়েছে কয়েকটি দৃশ্য—যেমন যিশুর মূর্তিতে ছুরিকাঘাত, এক চরিত্রকে কফিনের উপর দাঁড়ানো অবস্থায় দেখানো, প্রদীপের শিখা থেকে ধূমপান শুরু করা কিংবা সঞ্জয় দত্তের কাটা হাতে সিগারেট জ্বালানোর ভয়ঙ্কর শট। এগুলিই সরাসরি কাঁচির কোপে বাদ পড়েছে। অন্যদিকে একাধিক সংলাপেও সেন্সরের হস্তক্ষেপ হয়েছে। তবুও ছবির মূল সুর, অর্থাৎ রক্তগঙ্গা বইয়ে দেওয়া অ্যাকশন ও প্রতিশোধের গল্প অক্ষত রয়ে গিয়েছে। প্রেম, রোম্যান্স আর রক্তাক্ত লড়াই একসঙ্গে বুনে তৈরি হয়েছে বাগি ৪-এর প্লট। টাইগারকে এখানে দেখা যাবে এক প্রতিশোধপরায়ণ প্রেমিকের চরিত্রে, আর সঞ্জয় দত্ত হাজির ভিলেন রূপে। সেন্সর বোর্ড নানা কাটছাঁটের পর ছবিকে ‘A’ সার্টিফিকেট দিলেও, দর্শক মহলে এখন প্রশ্ন—কাঁচির কোপে শৃঙ্খলিত এই ছবি কি মুক্তির পরও আগের মতোই ভয় ধরাতে পারবে, নাকি বিতর্কই বেশি শোরগোল তুলবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.