নিজস্ব সংবাদদাতা: টাইগার ৩-র শ্যুটিংয়ে চোট পেলেন সলমন খান! কাঁধে ব্যান্ডেজ বেঁধে ছবি পোস্ট ভাইজানের।
সবেমাত্র কলকাতা মাতিয়ে মুম্বই ফিরেছেন সলমন খান। গত সপ্তাহান্তে তিলোত্তমা জুড়ে ছিল ‘ভাইজান’ রব। কিন্তু এরই মধ্যে চোট পেলেন তিনি! খুব সম্ভবত মণীশ শর্মার ‘টাইগার ৩’র সেটেই আহত হলেন ভাইজান। সোশ্যাল মিডিয়ায় মজাদার ক্যাপশন-সহ তার ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে এই খারাপ খবর ভাগ করে নিলেন তারকা।
এদিন নিজের খোলা পিঠের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সালমান। বাঁ কাঁধে ব্যান্ডেজ করা, একটি লোহার রডের উপর ডান হাতটি রেখে দাঁড়িয়ে রয়েছেন সলমন। ছবির ক্যাপশনে ভাইজান লিখেছেন, ‘যখন তুমি ভেবে বসো যে গোটা দুনিয়ার ভার তুমি নিজের কাঁধেই বহন করছো’, তিনি পালটা বলেন, ‘দুনিয়ার কথা বাদ দাও ৫ কিলোর ডাম্বল তুলে দেখাও। টাইগার জখমি হ্যায়….’
সলমনের পোস্ট দেখা মাত্র উদ্বিগ্ন অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। একজন লেখেন, ‘ভাইজান, প্লিজ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন’। অপর একজন লেখেন, ‘দ্রুত সেরে উঠবেন, প্রার্থনা সঙ্গে রইল’। টাইগার জখমি হলেও তাঁর পেশিবহুল সুঠাম দেহ ফুটে উঠেছে তাঁর এই শার্টলেস ছবিতে।
আপাতত জোরকদমে চলছে ‘টাইগার ৩’-র শেষ কিছু অংশের শ্যুটিং। এই ছবি নিয়ে এতটাই সতর্ক প্রযোজনা সংস্থা, যে শ্যুটিং লোকেশন পর্যন্ত ফাঁস হতে দিতে চান না! ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই স্পাই ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবির অপেক্ষায় দিন গুণছে সলমন-ক্যাটরিনা ভক্তরা। ছবিতে ফের একসঙ্গে দেখা মিলবে টাইগার-ক্যাটরিনা জুটির।
সূত্রের মারফত খবর, দিওয়ালিতে মুক্তি পাবে যশরাজ ফিল্মসের এই ছবি। টাইগার ৩-তে ক্যামিও অ্যাপিয়ারেন্সে ধরা দেবেন ‘পাঠান’ অর্থাৎ শাহরুখ খান। সেই কারণেই লম্বা চুল রাখছেন ‘বাদশাহ’। শীঘ্রই সলমন-শাহরুখের দৃশ্যের শুটিং করবে টিম ‘টাইগার ৩’। জানা গেছে, সেই একটি সিকুয়েন্সের সেট তৈরিতে ৩৫ কোটি টাকা খরচ করছে যশ রাজ ফিল্মস। ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার রেশ কাটিয়ে উঠতে আপতত ‘টাইগার ৩’র দিকেই তাকিয়ে তারকা।







