বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুত জামওয়াল এবার পা রাখলেন হলিউডে। ইতিমধ্যেই শুরু হয়েছে তাঁর প্রথম আন্তর্জাতিক ছবির শুটিং। প্যারামাউন্ট পিকচার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্লাসিক ভিডিও গেম সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘স্ট্রিট ফাইটার’-এ ভারতীয় মার্শাল আর্ট বিশেষজ্ঞ বিদ্যুতকে দেখা যাবে আইকনিক চরিত্র ধালসিম রূপে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৬ অক্টোবর।
ধালসিম চরিত্র ‘স্ট্রিট ফাইটার’ ইউনিভার্সের একমাত্র ভারতীয় মুখ। এক যোগী, যিনি শান্তিপ্রিয় হলেও প্রয়োজনে পরিবারের জন্য লড়াইয়ে নামেন। আগুন নিক্ষেপ করার অদ্ভুত ক্ষমতাসম্পন্ন এই চরিত্রটি গেমারদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্র। বিদ্যুতের বাস্তব মার্শাল আর্ট ব্যাকগ্রাউন্ড, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনধারা তাঁকে এই ভূমিকায় যথার্থ করে তুলেছে বলে মনে করছে ভক্তরা। এই মেগা প্রজেক্টের কাস্ট লিস্টও রীতিমতো তারকাখচিত। অ্যান্ড্রু কোজি (রিউ), নোয়া সেন্টিনিও (কেন), ক্যালিনা লিয়াং (চান-লি), ডেভিড ডাস্টম্যালচিয়ান (এম. বাইসন), জেসন মোমোয়া (ব্ল্যাঙ্কা), রোমান রেইন্স (আকুমা) এবং ডব্লুডব্লুই (WWE) তারকা কোডি রোডস গিল চরিত্রে অভিনয় করছেন। পরিচালনায় রয়েছেন কিতাও সাকুরাই।
বিদ্যুত জামওয়াল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ২০১১ সালে ‘ফোর্স’ ছবির খলনায়ক হিসেবে। এরপর ‘কমান্ডো’ সিরিজ তাঁকে বলিউডের শীর্ষ অ্যাকশন হিরোদের সারিতে পৌঁছে দেয়। বাস্তব স্টান্ট নিজে করে দেখানোর দক্ষতা ও অনুশীলনের জোরে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ‘ক্র্যাক: জিতেগা তো জিয়েগা’ ছবিতে। গেমিং দুনিয়ায় ‘স্ট্রিট ফাইটার’-এর জনপ্রিয়তা তিন দশকেরও বেশি সময় ধরে অটুট। ১৯৮৭ সালে শুরু হওয়া এই লড়াই ভিত্তিক সিরিজ আজও বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছে। এবার সেই লেজেন্ডারি গল্পের নতুন সংস্করণে ভারতীয় প্রতিনিধিত্ব করবেন বিদ্যুত জামওয়াল, যা নিঃসন্দেহে গর্বের বিষয়।







