আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশ শোকস্তব্ধ, তখনই ফের আকাশে জারি হল NOTAM (Notice to Airmen)। বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আকাশপথে বিধিনিষেধ। আগামী ১৮ ও ১৯ জুন কোনও অসামরিক বিমান ওড়ার অনুমতি নেই পাকিস্তান সীমান্ত সংলগ্ন দক্ষিণ অঞ্চলে।
কেন এই নিষেধাজ্ঞা? কারণ, পাকিস্তান সীমান্তে ফের বড়সড় মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, গুজরাটের কচ্ছ এবং স্যার ক্রিক অঞ্চলের সীমান্তে এবার মহড়া চালানো হবে। নিরাপত্তার খাতিরে সেই আকাশপথে সাধারণ বিমানের ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর দীর্ঘদিন ধরেই উত্তেজনার আবহ। উত্তর দিকে নিয়ন্ত্রণ রেখা, আর দক্ষিণে কচ্ছের রণ লাগোয়া স্যার ক্রিক। ঠিক সেখানেই রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলা এবং লাগাতার সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে আরও বেশি সজাগ হচ্ছে ভারত।
এক সপ্তাহ আগেই পশ্চিম সীমান্তে মধ্যরাত পর্যন্ত চলেছিল বায়ুসেনার রাতভর মহড়া। এবার দক্ষিণ অংশেও সেই কড়া প্রস্তুতি।
এই নোটাম স্পষ্ট বার্তা দিচ্ছে— সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। আকাশে এই নিষেধাজ্ঞা শুধু কৌশলগত পদক্ষেপ নয়, দেশের নিরাপত্তার সুরক্ষাকবচ।







