মিরপুর টেস্টের চতুর্থ দিনে এমন অপ্রত্যাশিত কাণ্ড ঘটবে, তা কল্পনাও করেননি কেউ। চার দিনের বেসরকারি টেস্টে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উঠতি দলের এক বোলার আচরণ করলেন এমনভাবে, যা যেন রেসলিং রিংয়ের দৃশ্য! ছক্কা খেয়ে মেজাজ হারিয়ে ব্যাটারকে ধাক্কা, হেলমেট ধরে টেনে মাথা ঝাঁকানো—ক্রিকেটের স্পিরিট যেন এক মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে। প্রতিপক্ষ দলের অফ স্পিনার শেপো এনতুলির প্রথম বলেই স্টেপ আউট করে বিশাল ছক্কা হাঁকান বাংলাদেশের ন’নম্বর ব্যাটার রিপন মণ্ডল। এক জোরে বোলারের কাছ থেকে এমন মার খেয়ে হতচকিত এনতুলি রাগ সামলাতে ব্যর্থ হন। সোজা এগিয়ে যান রিপনের দিকে। শুরু হয় ঠেলাঠেলি, তারপর হেলমেট ধরে মাথা নাড়ানোর মতো ভয়ানক কাণ্ড!
এনতুলির এমন আগ্রাসী আচরণে রীতিমতো হকচকিয়ে যান রিপন। পাল্টা ধাক্কা দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনিও। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে মাঠে ছুটে আসেন আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়েরা। কোনোমতে থামানো হয় বিবাদ। কিন্তু ঘটনাটি থেমে থাকেনি মাঠে। ম্যাচ রেফারি সেলিম শাহেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে।”
এই ম্যাচে হয়তো আন্তর্জাতিক মর্যাদা নেই, কিন্তু দুই তরুণ প্রতিভার এমন আচরণ ক্রিকেটের ভাবমূর্তিতেই কালো ছায়া ফেলল। উত্তেজনা থাকুক প্রতিযোগিতায়, কিন্তু এমন অশোভন আচরণ যে খেলাটির আবেগকে আহত করে, তা বলার অপেক্ষা রাখে না।







