রাজ্য

সরকারি চাকরি, তবু টিউশন! শিক্ষকদের অতিরিক্ত আয়ে কড়া নজর আদালতের

রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশনে যুক্ত হতে পারবেন না— এই নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু বাস্তবে ছবিটা ভিন্ন। অভিযোগ, এখনও বহু শিক্ষক টিউশনের সঙ্গে যুক্ত থেকে সেই নিয়ম ভাঙছেন। আর সেই কারণেই ফের নড়েচড়ে বসল আদালত। এবার জানতে চাওয়া হল— আসলে কতজন সরকারি শিক্ষক টিউশনের ব্যবসায় জড়িত? আদালতের নির্দেশ, বিস্তারিত তালিকা জমা পড়তে হবে অবিলম্বে।

এই মামলা চলছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মামলাকারী প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষকদের নামের তালিকা আদালতে জমা দেওয়ার। আগামীকাল, মঙ্গলবারই সেই তালিকা পেশ করার কথা। মামলাকারী সংগঠনের আইনজীবী আশিসকুমার চৌধুরীর বক্তব্য, সরকারি স্কুলের শিক্ষকরা কোনওভাবেই টিউশন পড়াতে পারেন না। ২০১৮ সালেই এই বিষয়ে স্পষ্ট নির্দেশ জারি হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি, বরং শিক্ষকরা দিব্যি টোল খুলে টিউশন চালিয়ে যাচ্ছেন।

গত বছরই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল— নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতে হবে। পরে আদালত অবমাননার মামলাও হয়। এমনকি কমিশনের তরফে সব স্কুল পরিদর্শককে সতর্ক করা হয়েছিল, টিউশন করলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া উচিত। তবুও অবস্থার কোনও বদল হয়নি বলে অভিযোগ। আর সেই কারণেই এবার আদালত সরাসরি টিউশনে যুক্ত শিক্ষকদের নামের তালিকা চাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.