ঠিক যেন উল্টোপুরান! রাতের অন্ধকারে কাজ সেরে বাড়ি ফিরছিলেন জলন্ধরের এক যুবক। সেই সময় আচমকাই একটি গাড়ি এসে তাঁর পথ আটকে দেয়। গাড়ির ভেতরে ছিলেন চার মহিলা। প্রথমে দিকনির্দেশনা চাওয়ার ভান করে তারা যুবকের কাছে আসেন। কিন্তু কথোপকথনের মাঝেই তাঁর চোখে স্প্রে ছিটিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই দৃষ্টি ঝাপসা হয়ে যায় যুবকের, আর তারপরই তাঁকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ওই মহিলাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। গাড়িতে তুলেই তাঁকে জোর করে মদ খাওয়ানো হয় এবং শারীরিক নির্যাতন শুরু হয়। এমনকি তাঁকে উদ্দেশ্য করে ব্যঙ্গও করা হয়। এরপর গাড়িটি একটি বড় বাড়িতে পৌঁছয়, যেখানে যুবককে সম্পূর্ণ নগ্ন করে গণধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তাঁকে ভয় দেখানো হয় যে বাধা দিলে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হবে। নির্যাতনের পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে কোনোরকমে পালিয়ে বেরিয়ে আসেন তিনি। মূল সড়কে পৌঁছে একটি ট্রাকচালকের সাহায্যে জলন্ধরে ফিরে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে পুরুষদের ওপর যৌন নির্যাতনের ঘটনা দেশে খুব একটা সামনে আসে না, ফলে এ ধরনের ঘটনায় নির্দিষ্ট পরিসংখ্যানও নেই। তবুও মাঝে মধ্যে এমন অভিযোগ উঠে আসে, যা সমাজকে চমকে দেয়।







