কলকাতা

কলকাতায় এল মেট্রোর নতুন কোচ, যাত্রীদের জন্য স্বস্তির বার্তা

চিনের দালিয়ান থেকে মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছল ১৬টি আধুনিক মেট্রো কোচ। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে দালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানিকে এই কোচ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তিন দফায় মোট ৪৮টি কোচ এসেছে শহরে।

রাজধানীর ‘লাইফলাইন’ মেট্রোয় সম্প্রতি একাধিক নতুন রুট চালু হওয়ায় যাত্রী চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু রেকের অভাবের কারণে পুরনো লাইনে চরম ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন যাত্রীরা। এই পরিস্থিতিতেই শহরে যুক্ত হচ্ছে নতুন চাইনিজ কোচ। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ বার আসা রেকগুলি আগের এসি রেকের তুলনায় আরও উন্নত। প্রশস্ত দরজা, আরামদায়ক সিটিং ব্যবস্থা এবং আধুনিক এয়ার কন্ডিশনিং সিস্টেম যাত্রীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্য করে তুলবে।

কলকাতা বন্দরে নতুন রেক পৌঁছনোর পর ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট সবসময় শহর ও রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে। আমরা আশা করি, নতুন কোচগুলি চালু হলে আগামী দিনে মেট্রো পরিষেবা অনেক উন্নত হবে।

অন্যদিকে, চিংড়িঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় ৩৬৬ মিটার রাস্তায় ট্রাফিক সমস্যার নিরসনে মেট্রো কর্তৃপক্ষ, রাজ্য প্রশাসন, আরভিএনএল, কেএমডিএ ও পুলিশের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সুজয় পালের বেঞ্চ জানায়, নির্দিষ্ট সময়সূচি মেনে সপ্তাহান্তে কাজ করলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব।

এর পাশাপাশি সম্প্রতি কলকাতার তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ১৪ কিলোমিটার পথ যুক্ত হওয়ায় শহরের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব প্রান্তের যোগাযোগ আরও সহজ হয়েছে। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা ধর্মতলা ও রুবির মোড়-বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.