দুর্গোৎসবের প্রাক্কালে ফের চিন্তার ভাঁজ আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই ঘনীভূত হতে পারে দুর্যোগ। ইতিমধ্যেই পূর্ব বিহারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তরদিকে সরে আসায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো।
আজ, শুক্রবার:
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা (৭-১১ সেমি)।
ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।
শনিবার:
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এক বা দুটি জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা (৭-২০ সেমি)।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) সহ বজ্রঝড় হতে পারে একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদেও বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
রবিবার:
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা।
দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, আগামী তিন দিনেই রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এর ফলে দুর্গোৎসবের আগে ফের জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে মহানগর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে।







