জেলারাজনীতি

পাণ্ডুয়ায় লাল ঝড়! ১০ বছর পর তৃণমূলের ঘাঁটি দখল করল সিপিএম

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই বড় সাফল্য বাম শিবিরে। হুগলির পাণ্ডুয়ায় শ্রীরামবাটি সমবায় নির্বাচনে দশ বছর পর ঘাসফুল উড়ে গেল, উঠল লাল পতাকা।

জানা গিয়েছে, ১২টির মধ্যে ১১টি আসনে জয়ী সিপিএম সমর্থিত ‘সমবায় বাঁচাও মঞ্চ’, মাত্র ১টি আসন জিতেছে তৃণমূল। ভোটের ফলাফল প্রকাশ হতেই পাণ্ডুয়ার আকাশে উড়ল লাল আবির, বেজে উঠল ঢাক-ঢোল, উচ্ছ্বাসে মেতে উঠলেন বাম কর্মী-সমর্থকেরা।

দীর্ঘ এক দশক ধরে এই সমবায় ছিল তৃণমূলের দখলে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় দুর্নীতি, পক্ষপাতিত্ব ও তৃণমূল নেতৃত্বের ভিতরের কোন্দল নিয়ে ক্ষোভ ক্রমে বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভই এবার ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে।

প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন বলেন,

“চার মাস আগেই ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল তা আটকে রেখেছিল। কারণ তারা জানত, মানুষের ভরসা তাদের থেকে সরে গেছে। ক্ষেতমজুর, কৃষক, বরগাদার, পাট্টাদার—সবাই দুর্নীতিমুক্ত পরিচালনার আশায় বাম প্রার্থীদের ভোট দিয়েছেন। এই জয় আগামী দিনের বড় লড়াইয়ের ইঙ্গিত।”

অন্যদিকে পাণ্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,

“আমরা ফলাফল বিশ্লেষণ করব। দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কারণ খুঁজে বের করা হবে। এত উন্নয়নমূলক কাজের পরেও কেন এমন ফল, সেটা দেখা হবে এবং ভবিষ্যতে যাতে এই ভুল না হয়, সেই চেষ্টা করা হবে।”

রাজনৈতিক মহলের মতে, পাণ্ডুয়ার এই লাল জয় শুধুই একটি সমবায় নির্বাচন নয়—এটি আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বামেদের পুনর্জাগরণের বার্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.