হুগলির চণ্ডীতলায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের হাতে ধরা পড়ল এক বৃদ্ধ, যিনি বাইক সারি সারি সাজিয়ে রেখেছিলেন ‘বন্ধক দোকান’-এর আড়ালে। কিন্তু তদন্তে ফাঁস হল আসল কীর্তি—চোরাই বাইক পাচার এবং বেআইনি ঋণ ব্যবসা!
রবিবার সাংবাদিক বৈঠক করে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে গরলগাছা বরিজহাটির বাসিন্দা চাঁদ বাবুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়—
৮টি মোটরবাইক
১টি টোটো
১২ গ্রাম সোনার গয়না
১৮৫ গ্রাম রুপোর গয়না
৬টি মোবাইল ফোন
নগদ ₹১,৭২,০০০ টাকা
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চাঁদ বাবু চোরাই বাইক ও গয়না বন্ধক রেখে মোটা সুদে টাকা ধার দিতেন। পরে সেই জিনিস পাচার হয়ে যেত অন্যত্র। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগের তথ্যও।
এদিন তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এসডিপিও জানিয়েছেন, কারবারে আর কে কে যুক্ত আছে, তার খোঁজ চলছে। উদ্ধার হওয়া বাইক ও গয়নাগুলি কার, তাও খতিয়ে দেখা হবে।
পুলিশের কড়া হুঁশিয়ারি—“এ ধরনের বেআইনি কারবারে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না।”
চণ্ডীতলায় এক বৃদ্ধের এহেন চোরাই সাম্রাজ্য ফাঁস হওয়ায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য।







