রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে। তবে আপাতত রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সেই নির্দেশে রাজ্য সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টের ভিত্তিতেই মামলাকারী সরকারি কর্মীদেরও নিজেদের লিখিত রিপোর্ট পেশ করতে হবে।
সুপ্রিম কোর্টের সর্বশেষ অর্ডারের কপি অনুযায়ী, মামলাটি ইতিমধ্যেই রায়দানের জন্য সংরক্ষিত হয়েছে। উভয় পক্ষের লিখিত জবাবপত্র জমা দেওয়ার পরেই আদালত চূড়ান্ত রায়দান করবে। যার ফলে সরকারি কর্মীদের আশার দৃষ্টি এখন দীপাবলির ছুটির পরবর্তী সময়ের দিকে। তাদের আশা, উৎসবের পরেই ডিএ মামলার রায় শীর্ষ আদালত জানাতে পারে। এর আগে স্যাট ও কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের দাবির পক্ষেই রায় দিয়েছিল। তাই কর্মীদের দাবি, সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রাখবে। তাদের বক্তব্য, মহার্ঘ ভাতা তাদের প্রাপ্য ও আদালতের রায় তাদের দিকেই যাবে।
রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি যুক্তি দেন, ভারতের অর্ধেক রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তাই পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি একক নয়। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই ৬২ পাতার লিখিত জবাবও জমা দেওয়া হয়েছে। এখন চোখ শুধু সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। সরকারি কর্মীরা আশাবাদী, দীপাবলির পরই আসতে চলেছে বহু প্রতীক্ষিত রায়।







