চাঞ্চল্যকর পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি নভজ্যোত সিং। রবিবার রাত, দিল্লির রিং রোডে পিছন থেকে একটি বিএমডব্লু গাড়ি ধাক্কা মারে তাঁর বাইকে। কার্যত পিষে দেওয়া হয় বাইকটিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নভজ্যোতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী।
কী ঘটেছিল রবিবার রাতে?
নভজ্যোত সিং ও তাঁর স্ত্রী গুরুদ্বার বাংলা সাহিব থেকে ফিরছিলেন। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে আচমকা ধাক্কা মারে দ্রুতগামী বিএমডব্লু। সেখানেই ছিটকে পড়েন দু’জনেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা।
পরিবারের বিস্ফোরক অভিযোগ
নভজ্যোতের ছেলে অভিযোগ করেছেন—
দুর্ঘটনার পর কাছের কোনও হাসপাতালে না নিয়ে যাওয়া হয়ে তাঁদের ১৭ কিমি দূরের নিউলাইফ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এই বিলম্বই বাবার মৃত্যুর কারণ।
ধাক্কা মারা বিএমডব্লু চালকই আহতদের হাসপাতালে ভর্তি করান, কিন্তু এখন তাঁর পরিচয় গোপন করা হচ্ছে।
‘‘ঘাতক মহিলা চালককে আড়াল করা হচ্ছে, মিথ্যা রিপোর্ট তৈরি হচ্ছে’’—অভিযোগ মৃত আধিকারিকের ছেলের।
পুলিশ কী বলছে?
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা চালকের নাম গগনপ্রীত। দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। তাঁর স্বামী পরীক্ষিত ছিলেন পাশে। দুর্ঘটনার পর তাঁরা ক্যাবে করে হাসপাতালে যান। দুর্ঘটনাস্থলেই রাস্তার ধারে গাড়িটি ও বাইকটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
বড় প্রশ্ন
কেন আহতদের কাছের হাসপাতালে না নিয়ে দূরে পাঠানো হল?
হাসপাতাল ও পুলিশের পক্ষ থেকে কেন অভিযুক্ত মহিলার পরিচয় চাপা রাখা হচ্ছিল?
সরকারি দপ্তরের শীর্ষ আধিকারিক মারা যাওয়ার ঘটনায় কি প্রভাবশালী নাম জড়িত?
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ও হাসপাতালের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।







