পূর্ব মেদিনীপুর, মহিষাদল: দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে শুরু হলো ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানাল সংস্কারের কাজ। শুক্রবার মহিষাদলের সতীশচন্দ্র সামন্ত হল্ট স্টেশন সংলগ্ন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। প্রথম পর্যায়ে ক্যানেল সংস্কারের জন্য ১৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। প্রশাসনের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের সংস্কার সম্পন্ন হবে।
হিজলী টাইডাল ক্যানাল শুধুমাত্র একটি জলপথ নয়, এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। একসময় কলকাতা থেকে ওড়িশায় নৌপথে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই ক্যানেল। ১৯৪৪ সালে অবিভক্ত মেদিনীপুর সফরে এসে মহাত্মা গান্ধী মহিষাদলে রাত্রিযাপনের পর এই ক্যানেল দিয়েই নৌকায় কাঁথির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গেও এই ক্যানালের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্যানেলটি কচুরিপানা, পলি ও আবর্জনায় ভরাট হয়ে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছিল। অনেক জায়গায় ক্যানেলের দু’ধারে অবৈধ দখলও গড়ে ওঠে। ফলে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের জীবিকায় তার প্রভাব পড়ে।
স্থানীয়দের মতে, ক্যানেলটি পুনরুজ্জীবিত হলে অন্তত ৮০টি গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। চাষের জন্য পর্যাপ্ত জল মিলবে, পাশাপাশি মৎস্যজীবীরাও আবার ক্যানেলের উপর নির্ভর করে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। এতে কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মাজি ও পল্লব পানিগ্রাহী বলেন, “বহু বছর ধরে এই ক্যানেল সংস্কারের অপেক্ষায় ছিলাম। কাজ শুরু হওয়ায় আমরা খুশি। ক্যানেলে জল ফিরলে চাষবাসের সুবিধা হবে, বহু মানুষের জীবিকা আবার সচল হবে।”
ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি কৃষি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ক্যানালের সংস্কারকে ঘিরে এখন আশাবাদী মহিষাদল ও সংলগ্ন এলাকার মানুষ।







