দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। কিন্তু উৎসবের আগে আবহাওয়ার খামখেয়ালি আচরণে কপালে ভাঁজ পড়ছে বাঙালির। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এ বছর আগাম বর্ষা বিদায়ের ইঙ্গিত মিললেও বাংলা থেকে ঠিক কবে বর্ষা বিদায় নেবে, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। ফলে পুজোর আগে ফের বৃষ্টিমঙ্গলের সম্ভাবনা বাড়ছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকর্মা পুজোর দিন, বুধবারও আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকায় সেদিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। তবে সব জেলা বা সব অংশে সমানভাবে বৃষ্টি হবে না। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গেও থামছে না বৃষ্টির দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি অন্তত বুধবার পর্যন্ত চলবে বলে অনুমান। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি চলবে। পুরো সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উৎসবের মুখে এই বৃষ্টির পূর্বাভাসে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের, বিশেষ করে পুজো উদ্যোক্তাদের।







