ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবার। বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত বেলসান্দ গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে অভিনেতার দাদার উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে একদল দুষ্কৃতী লাঠি, রড ও ডান্ডা নিয়ে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে বারৌলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিনেতার পরিবারের ঘনিষ্ঠদের দাবি, এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নেবে, তা কেউ কল্পনাও করেননি।
সূত্রের খবর, ঘটনার কথা জানার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আপাতত আহত আত্মীয়ের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা বাড়ানোর বিষয়েও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।







