রাজ্য

শিল্পায়নে বড় পদক্ষেপ রাজ্যের, ৩২ সংস্থার হাতে জমি হস্তান্তর; আজ গৌতম আদানির একাধিক কর্মসূচি

রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়াতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শিল্প স্থাপনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জমি। সেই জমি সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়ায় শিল্প সংস্থাগুলিকে সরাসরি সহযোগিতা করতেই বুধবার মিলন মেলা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান থেকেই জুপিটার, পিডিলাইটের মতো একাধিক নামী সংস্থাসহ মোট ৩২টি শিল্প প্রতিষ্ঠানের হাতে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কথা রয়েছে।

এদিকে, বুধবারই রাজ্যে আসছেন শিল্পপতি গৌতম আদানি। সকালে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর নিউ টাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে আলিপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করার কথা তাঁর। বিকেলে একটি বণিকসভার অনুষ্ঠানে যোগ দেবেন আদানি। সূত্রের খবর, মহাকরণ সংস্কার সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি মউ স্বাক্ষরিত হতে পারে।

একইসঙ্গে, বুধবার মিলন মেলা প্রাঙ্গণ থেকেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ শিল্পতালুকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে রাজ্যের একাধিক বিশিষ্ট শিল্পপতির উপস্থিত থাকার কথা রয়েছে।

শিল্পায়নকে ঘিরে একের পর এক উদ্যোগের মধ্যেই রাজ্যের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। আগামী ১৪ অক্টোবর, দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর উদ্দেশে উৎসর্গ করা হবে। বিশেষজ্ঞদের মতে, হলদিয়া পেট্রোকেমিক্যালের এই বৃহৎ ইউনিট পুরোপুরি উৎপাদনে এলে রাজ্যে ডাউনস্ট্রিম বা অনুসারী শিল্পে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

রাজ্য সরকারের ধারাবাহিক শিল্পবান্ধব উদ্যোগের ফলে দক্ষিণ ২৪ পরগনার বজবজ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আগামী দিনে প্রত্যক্ষ ও পরোক্ষ—দুই ক্ষেত্রেই বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.