রাজ্য

সব্যসাচী দত্ত-কাণ্ডে ইডির বড় পদক্ষেপ, কলকাতাসহ ১২ জায়গায় একযোগে তল্লাশি

কলকাতায় শুক্রবার সকাল থেকেই জোরদার তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ শহর ও রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

তদন্তকারী সূত্রের দাবি, সব্যসাচী দত্তের ফ্ল্যাট, লকার এবং ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনার আর্থিক উৎস খতিয়ে দেখতেই এই অভিযান। ইডির সন্দেহ, উদ্ধার হওয়া সোনা ও সম্পত্তির সঙ্গে কোনও দুর্নীতি, তোলাবাজি বা অবৈধ আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে জুন মাসে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। তদন্ত চলাকালীন তাঁর একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং বিপুল পরিমাণ সোনার সন্ধান মেলে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ সোনা উদ্ধার হওয়ার দাবি উঠে আসে।

প্রথমে রাজ্য পুলিশের তদন্তের পর এই মামলায় ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে ইডি। এরপর সব্যসাচী দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-সহ বিভিন্ন নথি সংগ্রহ করে আর্থিক তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

তদন্তকারীদের প্রাথমিক পর্যবেক্ষণ, সব্যসাচী দত্তের ঘোষিত আয় ও তাঁর নামে বা সংশ্লিষ্টদের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি ও সোনার পরিমাণের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। সেই কারণেই শুক্রবারের এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইডির লক্ষ্য এখন উদ্ধার হওয়া সোনা ও সম্পত্তির প্রকৃত উৎস, অর্থের লেনদেনের পথ এবং এর সঙ্গে কোনও বেআইনি আর্থিক চক্র বা হাওয়ালা সংযোগ রয়েছে কি না, তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.