এক টানা ৫ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তলায় বিস্তৃর্ণ এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে চরম দুর্ভোগে পরেছে স্টুডিও পাড়ার কলাকুশলীরা। যার ফলে বন্ধ রয়েছে একাধিক ধারাবাহিকের শ্যুটিং। এমনকি যে ধারাবাহিকের শুটিং চলেছে সেটাও শুরু হয়েছে নির্ধারিত সময় থেকে অনেকটাই পরে।
‘তুই আমার হিরো’ ধারাবাহিকের নায়িকা মোহনা মাইতির শ্যুটিং সেটে পৌঁছতে প্রচুর কাঠগড় পোড়াতে হয়েছে। অন্যদিকে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কাছে প্রোডাকশনের গাড়ি পাঠানোর পরেও হাটু জলের কারণে অনেক বাধা বিপত্তি পেরিয়ে শ্যুটিং ফ্লোরে পৌঁছতে হয়েছে। পাশাপাশি ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকের প্রধান চরিত্রে খেয়ালী মন্ডল বাড়ির সামনে প্রচুর জল দাঁড়িয়ে যাওয়ায় শ্যুটিং সেটে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এমনকি অভিনেত্রী মনীষা মন্ডলের বাড়ি বাঁশদ্রোনিতে। তার কল টাইম ছিল সকাল ৭টায় তবে প্রবল দুর্যোগের কারণে তিনি ফ্লোরে পৌঁছন সকাল ১০ঃ০০ থেকে ১১ঃ০০ টার মধ্যে।
এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মঙ্গলবার পুরো দিনই শ্যুটিং বন্ধ থেকেছে ‘দাদামণি’ ও ‘আনন্দী’ ধারাবাহিকের। তবে নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরি করে হলেও শ্যুটিং চলেছে জোয়ার ভাঁটা’, ‘কনে দেখা আলো’, ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’, ‘কুসুম’, ‘তুই আমার হিরো’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘ফুলকি’ সহ বিভিন্ন ধারাবাহিকের। এই পরিস্থিতি যদি আগামী দিনে বজায় থাকে তাহলে বেশ সমস্যা তৈরি হবে টলীপাড়ায়। তাই চিন্তার ভাঁজ পরেছে প্রোডাকশন হাউস থেকে শুরু করে টেকনিশিয়ান এবং কলাকুশলীদের।







