ভারতীয় খাদ্যসংস্কৃতিতে গুড়ের স্থান অনন্য। শীতের পাটালি গুড় থেকে শুরু করে তিল-গুড় লাড্ডু—হাজার বছরের ঐতিহ্য জড়িয়ে আছে এই মিষ্টি উপাদানের সঙ্গে। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও ওয়েলনেস ইনফ্লুয়েন্সারদের প্রচারে গুড়কে এখন নতুন করে ‘সুপারফুড’ হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু গুড় আসলেই কি এতটা স্বাস্থ্যকর?
মুম্বইয়ের হোমিওপ্যাথি চিকিৎসক ও ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. কৃতি এস ধিরওয়ানি জানিয়েছেন, গুড় সাদা চিনির তুলনায় কিছুটা ভালো বিকল্প হলেও এটিকে কোনোভাবেই স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এককভাবে ভাবা উচিত নয়। অপরিশোধিত হওয়ায় এতে আয়রন, ম্যাগনেসিয়ামের মতো কিছু খনিজ থাকে, যা সাদা চিনিতে অনুপস্থিত। আয়ুর্বেদেও একে হজম সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ড. ধিরওয়ানি সতর্ক করে বলেন, “গুড়ের ৯৫ শতাংশই সুক্রোজ। এর সামান্য খনিজ পদার্থ উচ্চমাত্রার চিনির ক্ষতিকর প্রভাব কাটানোর জন্য যথেষ্ট নয়। তাই গুড়কে কেবল সাদা চিনির তুলনায় কিছুটা ভালো, কিন্তু কোনোভাবেই ‘সুপারফুড’ বলা যায় না ।”
ডায়াবেটিস রোগীদের জন্য কি বিপজ্জনক?
সবচেয়ে বড় ভুল ধারণা হলো—গুড় নাকি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স (GI) প্রায় ৮৪, যা সাদা চিনির মতোই দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য গুড় সমানভাবে বিপজ্জনক।
ভেজাল গুড় চেনার উপায়
বাজারে বাড়তি চাহিদার কারণে গুড়ে ভেজাল মেশানোর প্রবণতাও বাড়ছে।
গুড় জলে মিশিয়ে সাদা তলানি পড়লে বুঝবেন চকের গুঁড়ো রয়েছে।
অস্বাভাবিক উজ্জ্বল রং থাকলে রাসায়নিক মিশ্রণের সন্দেহ।
বেশি স্ফটিক থাকলে বাড়তি চিনি যোগ হয়েছে।
কতটা গুড় খাওয়া নিরাপদ?
ড. ধিরওয়ানির পরামর্শ, প্রাপ্তবয়স্কদের দিনে ২০-২৫ গ্রামের বেশি গুড় খাওয়া উচিত নয় (প্রায় ৫ চামচ)। শিশুদের জন্য এর পরিমাণ আরও কম হওয়া উচিত এবং ডায়াবেটিস রোগীদের জন্য গুড় সম্পূর্ণ এড়িয়ে চলাই শ্রেয়।
গুড় ভারতীয় সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের এক অমূল্য অংশ। এটি সাদা চিনির তুলনায় কম প্রক্রিয়াজাত এবং খানিকটা বেশি পুষ্টিগুণসম্পন্ন। কিন্তু কোনোভাবেই এটি ‘মিরাকেল ফুড’ নয়। সঠিকভাবে বললে, গুড়ও এক ধরনের চিনি—যা সঠিক মাত্রায় খাওয়াই স্বাস্থ্যকর অভ্যাস।







