ক্রাইম

নাবালিকাকে যৌন নির্যাতন মামলায় দোষীর ১০ বছরের কারাদণ্ড, ক্ষতিপূরণ ₹৩ লক্ষের নির্দেশ

দক্ষিণ দিনাজপুর: প্রায় ছয় বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার এলাকায় ঘটে যাওয়া এক নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। অভিযুক্ত পরমেশ্বর বেসরাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ₹১০,০০০ অর্থদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারের জন্য ₹৩ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২০ সালের ২৬ জানুয়ারির। সেদিন সন্ধ্যায় তপন থানার ভদ্রাইল (সাহাপুকুর) এলাকার ১৩ বছরের এক কিশোরী প্রতিবেশী পরমেশ্বর বেসরার বাড়িতে টেলিভিশন দেখতে যায়। অভিযোগ, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।

আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে কিশোরী পুরো ঘটনাটি তার মাকে জানায়। এরপরই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগ পাওয়ার পর তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর বৃতিসুন্দর সাহা দ্রুত তদন্ত শুরু করেন। তদন্তে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে চার্জশিট পেশ করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ₹১০,০০০ অর্থদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নির্যাতিতার পরিবারের জন্য ₹৩ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.