ডোপিং ইস্যুতে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে ভারতের ভারোত্তোলন দল। ডোপিং বিধি ভঙ্গের জেরে আগেই কমেছে দেশের অংশগ্রহণের কোটা। তবে সেই বিতর্ককে পিছনে ফেলে চলতি কমনওয়েলথ গেমসে দুর্দান্ত সূচনা করলেন ভারতীয় ভারোত্তোলকেরা। প্রথমে পুরুষদের বিভাগে রুপোর পদক জিতে নজর কাড়েন ঋষিকান্ত সিং। এরপর সবার প্রত্যাশার কেন্দ্রবিন্দু ছিলেন অলিম্পিক রুপোজয়ী মীরাবাঈ চানু। সেই প্রত্যাশা পূরণ করে গ্লাসগোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনার পদক জিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির স্থাপন করলেন ভারতের এই তারকা।
প্রতিযোগিতার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম লিফটেই ৮২ কেজি ওজন তোলার লক্ষ্য নেন, যা ছিল প্রতিযোগিতার সর্বোচ্চ। যদিও প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেননি। কিন্তু দ্বিতীয় চেষ্টায় অনায়াসে ৮২ কেজি তুলে ঘুরে দাঁড়ান। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড গড়ে কার্যত সোনার দৌড়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন।
এরপর নজর ছিল ক্লিন অ্যান্ড জার্কে। ১০৫ কেজি তোলার প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় সুযোগে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মণিপুরের এই তারকা। সব মিলিয়ে ১৯০ কেজি ওজন তুলে নিশ্চিত করেন সোনার পদক। ২০১৮ সালের গোল্ড কোস্ট, ২০২২ সালের বার্মিংহ্যামের পর ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সোনা জিতে টানা তৃতীয়বার শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব গড়লেন মীরাবাঈ চানু।







