বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, প্রতিদ্বন্দ্বিতা আর ইতিহাসের এক অনন্য মঞ্চ। তবে সেই ইতিহাসে এবার নয়া মোড় আনতে চলেছে ফিফা। ২০২৬ সালে প্রথমবার ৪৮ দেশের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও, ২০৩০ সালের আসরে সংখ্যাটা নাকি পৌঁছতে পারে ৬৪-তে! ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ বৈঠকে এই সম্ভাবনাই উঠে এসেছে আলোচনায়। আর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একেবারে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে, যা আলোচনাকে আরও বিতর্কিত করেছে।
আসন্ন ২০৩০ বিশ্বকাপকে ঘিরেই আসলে ইতিহাস তৈরি হচ্ছে। কারণ বিশ্বকাপের শততম আসরের আয়োজক থাকছে ছ’টি দেশ—স্পেন, পর্তুগাল, মরক্কো, সঙ্গে থাকবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার এই তিন দেশ প্রতীকীভাবে আয়োজনের সুযোগ পাচ্ছে ফুটবলের জন্মলগ্নকে সম্মান জানাতে। ফিফা চাইছে, এই আয়োজনে আরও বেশি দেশকে যুক্ত করে বিশ্বকাপকে করতে একেবারে বৈশ্বিক উৎসব।
বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা এবং কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ। বৈঠকের পর তিনি বলেন, “২০৩০ সালের বিশ্বকাপ ঐতিহাসিক হতে চলেছে। ইনফান্তিনো আমাদের সবার জন্য সুযোগ তৈরি করেছেন। ফুটবল তখনই মহৎ হয়ে ওঠে, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়।” তাঁর মন্তব্যেই স্পষ্ট, এবার বিশ্বকাপ শুধু খেলার নয়, বরং বৈশ্বিক কূটনীতি আর ঐক্যের প্রতীক হতে চলেছে।
অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপ নিয়েও উচ্ছ্বাস তুঙ্গে। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিন ম্যাসকট—ক্লাচ, জায়ু এবং ম্যাপল। ঈগল, জাগুয়ার ও মুস চরিত্রগুলিই বহন করবে আনন্দ, শক্তি ও একতার বার্তা। ফলে বোঝাই যাচ্ছে, বিশ্বকাপ ফুটবল আর শুধু খেলা নয়, ক্রমশ হয়ে উঠছে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতীকের এক মহা-উৎসব।







