ভুবনেশ্বর: বাস্তবের ঘটনাই যেন রূপকথার চেয়েও অদ্ভুত! ওড়িশায় এক নজিরবিহীন আয়কর অভিযান চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা দেশে। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড এবং তাদের সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত এই অপারেশনে উদ্ধার হয় ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের নগদ টাকা—৩৫২ কোটি টাকা!
অভিযানের প্রথম দিন থেকেই যেন শুরু হয় রোমহর্ষক এক নাটক। আয়কর তদন্তকারী দল একযোগে একাধিক কার্যালয়, গুদাম এবং গোপন আস্তানায় তল্লাশি চালায়। গোপনে রাখা ‘গুপ্তধন’-এর হদিস পেতে ব্যবহার করা হয় বিশেষ স্ক্যানিং হুইলযুক্ত যন্ত্রও। পরিস্থিতি এতটাই বিস্তৃত ও জটিল ছিল যে অভিযান চালিয়ে যেতে হয় টানা ১০ দিন ধরে।
এমন বিপুল নগদ অর্থ গণনা করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবহার করা হয় প্রায় তিন ডজন নোট গোনার মেশিন। কিন্তু টাকার পাহাড় গুনতে গুনতে সেই মেশিনগুলোও প্রায় ভেঙে পড়ার জোগাড়! শেষ পর্যন্ত ব্যাংকের অভিজ্ঞ কর্মীদের বিশেষভাবে ডেকে আনা হয়। বিশাল অঙ্কের নোটগুলোকে পরে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হয় নিরাপদে আয়কর দপ্তরের সদর কার্যালয়ে।
এই ঐতিহাসিক অভিযানের নেতৃত্ব দেন আয়কর তদন্ত পরিচালক এস.কে. ঝা এবং অতিরিক্ত পরিচালক গুরপ্রীত সিং। তাঁদের সুনিপুণ পরিকল্পনা ও নেতৃত্বে অপারেশনটি সফল হওয়ায় গত আগস্ট মাসে কেন্দ্র সরকার তাঁদের বিশেষ সম্মানেও ভূষিত করে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে কালো টাকা ও কর ফাঁকির বিরুদ্ধে কেন্দ্র কতটা কঠোর অবস্থানে রয়েছে। ওড়িশায় এই নজিরবিহীন অভিযান গোটা দেশের সামনে এক স্পষ্ট বার্তা পৌঁছে দিল—আইনের চোখে ধুলো দিয়ে কেউই রেহাই পাবে না।







