পুরাতন মালদার সদরঘাট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। রবিবার বিকেল চারটে নাগাদ ঠাকুর বিসর্জনের সময় মহানন্দা নদীতে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম আস্তিক রায় (১৭)। সে পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, আস্তিক রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পুরনো শিবের প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মহানন্দা নদীতে যায়। নিরঞ্জনের সময় নদীতে নামতেই হঠাৎ করে তলিয়ে যায় সে। বন্ধুরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় মালদা থানায়।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। বেশ কিছুক্ষণ পর নদী থেকে উদ্ধার হয় আস্তিকের নিথর দেহ। তৎক্ষণাৎ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আস্তিকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, আস্তিক মেধাবী এবং শান্ত স্বভাবের ছেলে ছিল। দুর্ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা ও আত্মীয়রা।
পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। কীভাবে বিসর্জনের সময় এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নদীতে বিসর্জনের সময় আরও বেশি সতর্কতা অবলম্বনের দাবি তুলেছেন স্থানীয়রা।







