সম্প্রতি বিসিসিআই সভাপতি পদ থেকে বিদায় নিতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অধিকাংশের দাবি, তিনি রাজনীতির শিকার। তাঁর বদলে ‘রাবার স্ট্যাম্প’ সভাপতি হিসাবে বোর্ডের শীর্ষপদে এখন রজার বিনি। এবং বিসিসিআইয়ের মসনদে বসেই সম্ভবত ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মনে জাগছে এই বিশ্বকাপজয়ীর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রজার।
প্রসঙ্গত, আইসিসিতে কোনও প্রতিনিধি পাঠায়নি বিসিসিআই। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানেও ব্রাত্য। আইসিসিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব কে করবেন, তা বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই বিষয় প্রসঙ্গে বোর্ড প্রধানরা কোনওপ্রকার আলোচনাতেই যাননি। আইসিসি-র বোর্ড মিটিং ১১-১৩ নভেম্বর, মেলবোর্নে।
বিনির উবাচ, ‘সৌরভ বিশ্বকাপ না জেতাতে পারলেও ভারতীয় ক্রিকেটারদের চিন্তাভাবনা বদলে দিয়েছে। সৌরভ সবসময় বিরাট বড় আইকন। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। রাতারাতি একজন ক্রিকেটারকে বদলে দেওয়ার ক্ষমতা সৌরভের আছে। ও সামান্য কিছুক্ষণ কথা বলেই ক্রিকেটারদের উপর বিরাট প্রভাব ফেলে।’ এদিকে বোর্ড থেকে সৌরভের বাদ পড়া প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এর প্রেক্ষিতে সরগরম ক্রীড়ামহল থেকে রাজনৈতিকমহল।






