ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে প্রথম টেস্টে ইতিহাস গড়ল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই ইনিংস ও ৫৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বৈভব সূর্যবংশী-আয়ুষ মাত্রেরা। এই জয় শুধু সংখ্যার দিক থেকে নয়, প্রতিভা ও দক্ষতারও নিদর্শন। বৈভবের দুরন্ত সেঞ্চুরি আর দীপ্তেশ দেবেন্দ্রনের ধারালো বোলিংয়ে কার্যত অসহায় হয়ে পড়ে অজিরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লড়াই থেমে যায় ২৪৩ রানে। জবাবে ভারতীয় যুবাদের ব্যাট হাতে ঝলক দেখান বৈভব। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম যুব টেস্ট শতরানের রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ৮৬ বলে ১১৩ রান করে ফিরলেও তাঁর ঝড়ো ইনিংসেই পাল্টে যায় ম্যাচের রঙ। এরপর বেদান্ত ত্রিবেদীর ১৪০ রানের ইনিংস দলকে নিয়ে যায় ৪২৮ রানে, ফলে ভারত পেয়ে যায় ১৮৫ রানের বিশাল লিড।
চাপে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের তরুণ প্রতিভারা বোলিংয়েও ছড়ান দাপট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া দীপ্তেশ দ্বিতীয় ইনিংসেও ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচে হয়ে ওঠেন নায়ক। সঙ্গ দেন খিলান প্যাটেল (৩), অনমোলজিৎ সিং ও কিষাণ কুমার (২ উইকেট করে)। ব্যাটে-বলে সমান আধিপত্যেই লেখা হয় ইনিংস জয়ের কাহিনি।
অজিদের মাটিতে এভাবে আধিপত্য বিস্তার নিঃসন্দেহে ভারতীয় যুব ক্রিকেটের জন্য এক বিরল মুহূর্ত। বৈভবের কীর্তি, যেখানে তিনি ১৪ বছর বয়সেই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম লেখালেন, ভবিষ্যতের সম্ভাবনার বার্তা দিচ্ছে স্পষ্ট। ৭ অক্টোবর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই নজর থাকবে এই তরুণ প্রতিভাদের দিকেই।







