ওসাসুনার বিরুদ্ধে জয় দিয়ে লা লিগার নতুন মরশুম শুরু করল রিয়াল মাদ্রিদ। কোচ হিসাবে জাবি আলোনসোর এটি ঘরোয়া লিগে প্রথম ম্যাচ। এর আগে তাঁর অধীনেই ক্লাব বিশ্বকাপে নেমেছিল মাদ্রিদ। মঙ্গলবার রাতে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। সেই সাফল্যের সুবাদে ২০০৮ থেকে লিগের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারা বজায় রাখল রিয়াল।
ক্লাব বিশ্বকাপ খেলার জন্য লা লিগার প্রথম ম্যাচ পিছোনোর অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ, যদিও কর্তৃপক্ষ তা মানেনি। শেষ পর্যন্ত অন্য দলগুলির তুলনায় কিছুটা পরে নিজেদের প্রথম ম্যাচ খেলে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপেকে ফাউল করেন ওসাসুনার জুয়ান ক্রুজ। সেখান থেকে পাওয়া পেনাল্টি থেকেই জয়সূচক গোল করেন ফরাসি তারকা। যদিও পরে আরও কয়েকটি সুযোগ এলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় রিয়াল। ম্যাচের শেষদিকে ওসাসুনার গঞ্জালো গার্সিয়া লাল কার্ড দেখেন।
এই ম্যাচে লা লিগায় অভিষেক হয় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। পাশাপাশি রিয়ালের জার্সিতে প্রথমবার মাঠে নামেন আলভারো কারেরাস এবং আর্জেন্টিনার কিশোর ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
স্পেনে যোগ দিয়েই প্রথম মরশুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপে। দ্বিতীয় বছরও গোল দিয়েই শুরু করলেন তিনি। ম্যাচ শেষে কোচ আলোনসো জানান, “প্রথম মরশুমে ওকে যেমন খেলতে দেখেছি, এবার তার থেকেও উন্নত পারফরম্যান্স দেবে বলে আশা রাখি। ” লুকা মদ্রিচের বিদায়ের পর এ বার ১০ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপে। সে প্রসঙ্গে আলোনসো বলেন, “জার্সি বদলেছে বলে ও ভাল খেলছে কি না জানি না, তবে প্রতিদিনই ওর ভেতরে নতুন ক্ষুধা কাজ করে।”







