বারুইপুর স্টেশন: টিকিট চাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিয়ালদাহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। অভিযোগ, এক মহিলা যাত্রী আচমকা গরম ঘুগনি ছুড়ে মারেন মহিলা টিকিট পরীক্ষকের মুখে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত টিকিট পরীক্ষক পূজা কুমারী।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। সূত্রের খবর, আপ বারুইপুর লোকাল স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান পূজা দেবী। তখনই অভিযুক্ত মহিলা যাত্রী ও তাঁর সঙ্গী ঘুগনি খাচ্ছিলেন। তাঁদের কাছে টিকিট চাইতেই আচমকা গরম ঘুগনি ছুঁড়ে মারা হয় পূজা দেবীর মুখে।
মুহূর্তে চিৎকার করে ওঠেন টিকিট পরীক্ষক। যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। যন্ত্রণায় কাতর হলেও অভিযুক্ত মহিলাকে হাতছাড়া করেননি পূজা দেবী। পরে তাঁকে প্ল্যাটফর্মে নামিয়ে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্ত মহিলার নাম সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রামে। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে নামার টিকিট ছিল না বলে অভিযোগ। আরপিএফ তাঁকে বারুইপুর জিআরপির হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্ত মহিলা দাবি করেছেন, তিনি ভুল করে ফেলেছেন। তবে পূজা দেবী অনড়—তিনি অভিযুক্তের কঠোর শাস্তি চান। এই ঘটনায় রেলযাত্রী মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ধরনের সংবেদনশীল ঘটনার জন্য চাই আরও নিরাপত্তা ও কঠোর ব্যবস্থা—বলছেন সাধারণ যাত্রীরা।







