বঙ্গোপসাগরের নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে বিহারের উপরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা জারি রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বর্ষণের আশঙ্কা নেই, তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে , ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি অনেকটাই কমেছে। সোমবার সকাল পর্যন্ত কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও, দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটাই শুষ্ক ছিল। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টি আরও কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টি ছাড়া কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে, কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি। আর্দ্রতার অস্বস্তি থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে তিলোত্তমা বাসীদের।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি থাকলেও, উত্তরবঙ্গে ফিরছে শুষ্ক আবহাওয়া — এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের।







