জেলা

অভাবকে হারিয়ে দৃষ্টান্ত সায়নের, আইটিআই-তে পূর্ব ভারতের সেরা—প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা!

বাবার ছোট্ট ঠান্ডা পানীয়র দোকান, মা একজন আশা কর্মী—অভাবের মধ্যেও স্বপ্ন দেখা থামায়নি ক্যানিংয়ের সায়ন নস্কর। আর সেই স্বপ্নই এবার ছুঁয়ে ফেলেছে আকাশ! আইটিআই পরীক্ষায় ৬০০-র মধ্যে ৬০০ নম্বর পেয়ে পূর্ব ভারতের প্রথম স্থান দখল করেছে বয়ারসিং গ্রামের এই তরুণ।

সায়নের হাতে শংসাপত্র তুলে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এখন গর্বে ভাসছে গোটা এলাকা। ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট্ট গ্রাম বয়ারসিং—সেখানেই থাকেন সুব্রত নস্কর ও রিনা নস্কর। বাবা সুব্রতের তালদি স্টেশনের পাশে একটি ঠান্ডা পানীয়র দোকান, মা রিনা স্থানীয় আশা কর্মী। সংসারটা সচ্ছল নয়, তবে মায়ের আশা আর বাবার পরিশ্রমে ছেলেটা আজ সাফল্যের শিখরে।

তালদি মোহনচাঁদ স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে সায়ন ভর্তি হয় ট্যাংরাখালি গভর্নমেন্ট আইটিআই কলেজে। সেখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে সে দেখিয়ে দিল নিজের মেধার ঝলক। ফলাফল হাতে আসতেই খুশিতে ভরে গেছে পরিবার ও পাড়া-প্রতিবেশী।

সায়ন বলছে, “এই সাফল্য শুধু আমার নয়—আমার বাবা-মা, শিক্ষকদের, আর গোটা এলাকার। প্রধানমন্ত্রীর হাত থেকে শংসাপত্র পাওয়া জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবার কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করতে চাই, পাশাপাশি রেলের পরীক্ষার প্রস্তুতিও নেব।”

অভাবের ঘরে জন্ম নিয়েও অধ্যবসায়ের জোরে যে আকাশ ছোঁয়া যায়—সায়ন নস্কর তার জ্বলন্ত উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.