তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহর একক বেঞ্চ জানিয়ে দেয়, রেজিস্ট্রেশন বাতিলের আগে সংশ্লিষ্ট চিকিৎসককে যথাযথ কারণ জানানো হয়নি। তাই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওই সিদ্ধান্তকে ‘ক্রিপটিক ও নন-স্পিকিং’ অর্থাৎ অস্পষ্ট ও কারণবিহীন হিসেবে অভিহিত করে তা বাতিল করা হল।
গত বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে শান্তনুর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করা হয়। অভিযোগ ছিল, তিনি এফআরসিপি গ্লাসগো নামের একটি বিদেশি সম্মানসূচক ডিগ্রি ব্যবহার করে প্র্যাকটিস করছিলেন, অথচ তা রেজিস্ট্রেশনের সময় উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁকে নোটিস ধরিয়ে তলবও করে কাউন্সিল। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁর লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত রাখা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শান্তনু আদালতের দ্বারস্থ হন।
শুনানিতে আদালত সাফ জানায়, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের আগে তাঁকে পুরো বিষয়টি জানানো ও নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে মেডিক্যাল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি শান্তনুকে দিতে হবে এবং তাঁর বক্তব্য শুনেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। যদি রেজিস্ট্রেশন বাতিল হতো, তবে শান্তনু ডাক্তার উপাধি ব্যবহার করতে পারতেন না, প্রেসক্রিপশন লেখা কিংবা চিকিৎসা করার আইনি অধিকারও হারাতেন। বিষয়টি নিয়ে শান্তনু বলেন, “আমি মুখ বুজে সব মেনে নেব না। আমার পরিশ্রমের ফল কেউ ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে চাইলে আমি চুপ থাকব না।”
প্রসঙ্গত, এক সময় শান্তনু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি ছিলেন। তবে চলতি বছরের শুরুতে সেই পদ হারানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেও দলবিরোধী আচরণের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়। আরজি করে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে তাঁর মন্তব্য এবং ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে সমর্থন জানানোর কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এমনকি হাসপাতাল প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধেও মুখ খোলেন শান্তনু। এই ঘটনাগুলিই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করে বলে রাজনৈতিক মহলের ধারণা







